।। অন্বেষণ ।।

নিজের ভেতর বসত করে অচিন এক মানুষ,
হঠাৎ মনে বাড়িয়ে তোলে প্রশ্নের কত ফানুস।

স্বপ্নাতুর এক আয়না হাতে খুঁজতে বসি তাকে,
চেনা আমিটা হারিয়ে গিয়ে অচেনাকেই ডাকে।

একলা মনে চলছে লড়াই, শব্দরা সব অবাক,
তর্কের ভিড়ে নিজের কাছে নিজেই হই হতবাক।

নেই সেখানে আদালত আর নেই কোনো বিচারক,
আসামি আর সাক্ষী আমিই— আমারই দায় হোক।

বুঝবে না কেউ গোপন আলাপ, এই নিভৃত খেলা,
নিজেকে চিনে নেওয়ার যুদ্ধে কাটছে সারাবেলা।

ভালো-মন্দের দ্বন্দ্বটি আজ বড্ড বেশি ভারী,
অমীমাংসিত জবাব যেন খেলছে লুকোচুরি।

হয়তো কোনো সত্য এসে কড়া নাড়বে দ্বারে,
অস্পষ্টতা ঘুচবে সেদিন আঁধার পারাপারে।

সেদিনও কি চিনতে পারব— কে এই ‘আমি’ জন?
নাকি চিরকালই চলবে এই নীরব ‘অন্বেষণ’?