দেশভাগ

বাবা বলতেন—
দেশভাগের দিন
আকাশটাও দু’ভাগ হয়ে গিয়েছিল;
তার চোখের ভাঙা রোদ
আজও আমার ঘুমে ঢুকে পড়ে।

মা জানলার ধারে
জবাফুল গাছ ছুঁয়ে বলতেন—
“একবার ছিন্ন হলে
মাটি আর আগের মতো থাকে না।”
তার কথায়
ছিন্নভিন্ন শেকড়ের গন্ধ লুকিয়ে থাকত।

আজ এত বছর পরে
যখন খবরের কাগজ খুলে দেখি—
ঢাকার রাস্তায় আগুন,
ভাঙা কণ্ঠে রাজনৈতিক হাহাকার,
মানুষ মানুষের বিরুদ্ধে হাওয়ায় ধাক্কা খায়—
তখন বুঝি,

সেদিনের রক্তরেখা
আসলে কোথাও শুকোয়নি।

আমরা যারা নতুন প্রজন্ম—
দেশভাগ দেখিনি,
তবুও আমাদের ভিতরে
এক অচেনা ভয় জমে থাকে;
যেন ইতিহাসের পুরোনো ক্ষত
হঠাৎ নাড়াচাড়া হলেই
বর্তমানও কেঁপে ওঠে।

বাবা-মায়ের যন্ত্রণা
আজও বাতাসে ভাসে—
শুধু মানচিত্র বদলেছে,
কিন্তু মানুষের ভেতরের বিভাজন
এখনো
একই রক্তের ভাষায়
বার-বার ফিরে আসে।