।।বিগ-বাজার।।

পবিত্র গায়েন
আজ দেশের বুকে বসেছে মহা-বাজার,
প্রবেশমূল্য নেই— শুধু একটু নীরবতা জমা রাখতে হয় দরজায়।

প্রথম স্টলে লেখা— “শিক্ষা”
ভিতরে গেলে বোঝা যায়, ডিগ্রির সঙ্গে ফ্রি দেওয়া হয় প্রশ্ন না করার অভ্যাস।

দ্বিতীয় স্টলে “চিকিৎসা”— দেয়ালে টাঙানো রেট-কার্ড:
শ্বাস—প্রতি মিনিটে, বেঁচে থাকা—প্যাকেজ অনুযায়ী।

এক কোণে “গণতন্ত্র” বিকোয়, রঙিন কাগজে মোড়া,
ব্যবহারের আগে শর্ত— প্রশ্ন তুললে ওয়ারেন্টি বাতিল।

একজন নেতা নিজের প্রতিশ্রুতি ওজন করে দেখছেন,
দাঁড়িপাল্লার এক পাশে জনতা, অন্য পাশে চুক্তিপত্র।

একজন শ্রমিক তার দিন বিক্রি করেছেন আগেই,
এখন রাতটুকু বেচে কিনছেন, আগামীকালের ভাত।

এখানে প্রতিবাদও বিকোয়— মাইকে বাঁধা, সময়মতো বন্ধ হয়ে যায়।
স্লোগানগুলো ভাড়ায় পাওয়া যায়, শুধু নাম পাল্টাতে হয়, অর্থ নয়।

বিকেলের দিকে ছাড়— নীতির উপর ‘ফ্ল্যাট ডিসকাউন্ট’,
বিবেক কিনলে সঙ্গে পাওয়া যায় নীরব থাকার প্রশিক্ষণ।

শেষে দেখি— একটি আয়না ঝুলছে নির্জনে, তার নিচে ছোট করে লেখা—
“মানুষ—স্টক শেষ।”

তবু ভিড় কমে না, সবাই খুঁজছে— নিজেরই দামের ট্যাগ।